বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে ভাংচুর করে দুর্বৃত্তরা। সে সময় বিগত আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, স্টেশন দু'টি মেরামত করতে এক বছর সময় ও সাড়ে ৩০০ কোটি টাকা ব্যয় হবে। তবে এক বছর নয়, দুই মাসের মাথায় কাজীপাড়া মেট্রোস্টেশন, এরপর ২৭ দিনের মাথায় সচল হয় ব্যস্ততম স্টেশন মিরপুর-১০। স্টেশন দু'টি চালু করতে প্রাথমিকভাবে ব্যয় হয় যথাক্রমে ২০ লাখ ৫০ হাজার ও ১ কোটি ২৫ লাখ টাকা। তবে মেট্রোরেলের সব স্টেশন মিলিয়ে আরো ১৭ কোটি টাকা খরচ লাগবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) মিরপুর-১০ স্টেশন চালু হওয়ার পর স্টেশনটি পরিদর্শনে এসে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

ফাওজুল কবির বলেন, সবকটি স্টেশনে সর্বমোট খরচ হবে প্রায় ১৮ কোটি ৮৬ লাখ টাকা। সরকারি তহবিল থেকে নয়, মেট্রোরেলের ফান্ড থেকেই এ টাকা খরচ করা হবে।

তিনি বলেন, যেসব প্রকল্প বাস্তবায়ন হয়নি সেগুলোর পুনর্বিবেচনা করা হবে। সব বিভাগে হাজার হাজার কোটি টাকা অপচয় করা হয়েছে। বিভিন্ন অজুহাতে প্রকল্পের মেয়াদ ও টাকা বাড়ানো হয়েছে। আগামীর প্রকল্প সময়ের আগেই শেষ করতে হবে। সময় বেশি নেয়া যাবে না। অপচয় রোধ করতে হবে।