নারায়ণগঞ্জের বন্দর উপজেলার আমিন হাউজিংয়ের আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ১৪টি বাড়ির দেড় শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস। এ সময় নয়টি বাড়ির মালিককে এক লাখ ৫৫ হাজার টাকা জরিমানাসহ বিপুল পরিমাণ অবৈধ পাইপ ও রাইজার জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার দুপুর থেকে বিকেলে পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। বন্দর উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুরাইয়া ইয়াসমিন এ অভিযানের নেতৃত্ব দেন।
এ সময় তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের সোনারগাঁও আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মোঃ সুরুয আলমসহ তিতাস গ্যাস অফিসের কর্মকর্তা-কর্মচারী ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে মোঃ সুরুয আলম জানান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত আমিন হাউজিংয়ের আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ১৪টি বাড়ির দেড় শতাধিক অবৈধ চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় নয়টি বাড়ির মালিককে এক লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।










