ময়মনসিংহের ফুলপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে ফুলপুর-শেরপুর সড়কের ভাইটকান্দির চওড়া বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ফুলপুরের হাতপাগলা গ্রামের হাবিজ মিয়ার ছেলে মো. হাসাদ (১৬), শেরপুরের নকলা উপজেলার ছাতুরগ্রামের বিয়াজ উদ্দিনের ছেলে মো. আশিক মিয়া (২০) ও নরসিংদীর রায়পুরা উপজেলার পলাশতী গ্রামের মৃত নব্বে আলীর ছেলে আবুল কাশেম (৫০)।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাদি বলেন, একটি যাত্রীবাহী সিএনজি শেরপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত তিনজনকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, ট্রাক ও চালককে শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।










