পঞ্চগড়ের করতোয়া নদীতে বালি তুলতে গিয়ে একটি মর্টার শেল পেয়েছেন শ্রমিকরা। গতকাল সকালে পঞ্চগড় জেলা শহরের সিঅ্যান্ডবি মোড় এলাকায় ওই মর্টার শেল পাওয়া যায়। পরে পঞ্চগড় সদর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মর্টার শেলটি উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে এটি ব্যবহার হয়ে থাকতে পারে।
বালি শ্রমিক রহমত আলী বলেন, সকালে আব্দুর রাজ্জাকসহ করতোয়া নদীতে বালি উত্তোলনের কাজ করছিলাম। এ সময় হঠাৎ আমার টুকরিতে একটি ভারী কালো বস্তু উঠে আসে। পরে বোমা ভেবে পুলিশে খবর দেয়া হয়। পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা জানান, বেলা ১১টার দিকে সিঅ্যান্ডবি মোড় এলাকার তৌহিদুল নামে এক ব্যক্তি বোমাসদৃশ একটি বস্তু পাওয়া গেছে বলে পুলিশে খবর দেয়। তাত্ক্ষণিক আমরা ঘটনাস্থলে গিয়ে সেটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছি। সৈয়দপুর সেনানিবাসের বোম ডিসপোজাল ইউনিটে খবর দেয়া হয়েছে।









