নাটোর সড়ক ও জনপথ বিভাগে দুটি প্রকল্পের টাকা আত্মসাতের ঘটনা তদন্তে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাজমুল হোসাইনের নেতৃত্বে এনফোর্সমেন্টের তিন সদস্য নাটোর সড়ক ও জনপথ বিভাগে যান। এসময় শ্রমিক-কর্মচারীদের কোয়ার্টার সংস্কারের নামে ১৯ লাখ টাকা আত্মসাত্ ও মেকানিক্যাল সেড নির্মাণের জন্য ১৫ লাখ ৬০ হাজার টাকার দুটি প্রকল্পের কাজ পরিদর্শন করেন তারা। পরে প্রকল্প দুটির যাবতীয় কাজগপত্র সংগ্রহ করেন দুদক কর্মকর্তারা।
এ সময় এনফোর্সমেন্ট দলের অন্য দুই সদস্য দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক কামিয়াব আফতাহি-উন-নবী, কোর্ট পরিদর্শক আমীর হোসাইন উপস্থিত ছিলেন।
অভিযানের সতত্যা নিশ্চিত করে দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর হোসেন জানান, প্রকল্প দুটির সব কাগজপত্র সংগ্রহ করা হয়েছে। আইনগত প্রদক্ষেপ নেয়ার জন্য দুর্নীতি দমন কমিশনে দাখিল করা হয়েছে।
উল্লেখ্য, শ্রমিক-কর্মচারীদের কোয়ার্টার সংস্কারের নামে ১৯ লাখ টাকা আত্মসাত্ ও মেকানিক্যাল সেড নির্মাণের ১৫লাখ ৬০হাজার টাকার দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করে বণিক বার্তা। প্রকল্প দুটিতে ঠিকাদারের সঙ্গে যোগসাজসে টাকা আত্মসাতের অভিযোগ উঠে সওজের উপ-বিভাগী প্রকৌশলী ইউনুস আলীর বিরুদ্ধে।










