সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, প্রথমবারের মতো প্রযুক্তির মাধ্যমে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সামাজিক নিরাপত্তা কর্মসূচির বয়স্ক সুবিধাভোগীদের সঠিক তালিকা তৈরির উদ্যোগ নিয়েছি। সরকারের জন্য এটি হবে মাইলফলক পদক্ষেপ।

মঙ্গলবার (২৮ অক্টোবর) মন্ত্রণালয়ের সভাকক্ষে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাভুক্ত বয়স্ক ভাতার বিদ্যমান ভাতাভোগীদের তালিকা হালনাগাদকরণের লক্ষ্যে ৮টি উপজেলায় সুবিধাভোগীদের তালিকা/তথ্যাদি হালনাগাদ কার্যক্রম (প্রথম পর্যায়) উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সরকারের এ উদ্যোগে ওপর উন্মুক্ত আলোচনা করেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনিস্টিটিউটের প্রফেসর ড. আবু ইউসুফ, বিভিন্ন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক । জুম প্লাটফর্মে ৮টি জেলার জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা সমাজসেবা অফিসাররা ও ভাতাভোগীরা আলোচনায় অংশ নেন।

উপদেষ্টা বলেন, ১৯৯৭- ৯৮ অর্থবছরে ভাতাভোগীর সংখ্যা ছিল চার লাখ, যা এখন পর্যন্ত ৬১ লাখে পৌঁছেছে। এটি আমাদের জন্য একটি মাইলফলক। তিনি বলেন, বাংলাদেশ সরকার সামাজিক নিরাপত্তা খাতে প্রতিবছর বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করে থাকে। কিন্তু সে অনুযায়ী অনেক দরিদ্র মানুষই সামাজিক নিরাপত্তা সুবিধা পাচ্ছেন না। ভাতার জন্য সুবিধাভোগী নির্বাচন এবং ভাতা বিতরণে বিভিন্ন অনিয়ম লক্ষ্য করা গেছে। এর ফলে প্রকৃত ভাতাভোগীদের তালিকা হালনাগাদকরণে ৮টি উপজেলায় পাইলটিং কার্যক্রম প্রণয়ন শুরু হয়েছে। পর্যায়ক্রমে সারা দেশে এ কার্যক্রম পরিচালিত হবে।

উপদেষ্টা বলেন, দেশের স্থানীয় নাগরিক ও জাতীয় পরিচয় পত্র যাচাই করে প্রকৃত দুস্থ ও বয়স্ক নাগরিককে ভাতার আওতাভুক্ত করতে হবে। সেইসঙ্গে অযোগ্য ভাতাভোগী চিহ্নিত হলে তাদের বাদ দিয়ে যোগ্যতার ভিত্তিতে নতুন ভাতাভোগী অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন তিনি।

উল্লেখ্য, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস)-এ তথ্য হালনাগাদ এবং বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন সম্পন্ন করা হবে এবং প্রক্সি মিনস টেস্ট (পিএমটি স্কোর) এর ভিত্তিতে একটি স্বচ্ছ তালিকা প্রণয়ন করা হবে। এ ছাড়া পরবর্তী যাচাই ও হালনাগাদকরণ কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে প্রশাসনিক সক্ষমতা ও আর্থিক সংশ্লেষ বিষয়ে ধারণা লাভ করা সম্ভব হবে। পরবর্তীতে দেশব্যাপী সুবিধাভোগী যাচাই ও তথ্য হালনাগাদকরন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সুপারিশ প্রণয়ন করা হবে। বিশেষ করে বয়স্ক ভাতাভোগীদের যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে অনুসৃত পদ্ধতি সহজীকরণের জন্য করণীয় নির্ধারণ সম্ভবপর হবে।

পাইলটিং এর আওতাধীন উপজেলার নামগুলো হলো, বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ , সাতক্ষীরা জেলার শ্যামনগর, সুনামগঞ্জ জেলার তাহিরপুর, ময়মনসিংহ জেলার গৌরিপুর, রংপুর জেলার তারাগঞ্জ, নওগাঁ জেলার নেয়ামতপুর, খাগড়াছড়ি জেলার রামগড় এবং গাজীপুর জেলার কাপাসিয়া।