বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সাইবার নিরাপত্তা আইনে হওয়া সব মামলা আগামী দুই সপ্তাহের মধ্যে প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মঙ্গলবার (২১ জানুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, মামলা প্রত্যাহারের পাশাপাশি সাইবার নিরাপত্তা আইন সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এ নিয়ে কাজ করছে।

আসিফ নজরুল বলেন, দেশের ২৫ জেলায় আড়াই হাজার রাজনৈতিক হয়রানিমূলক বা গায়েবি মামলা চিহ্নিত করা হয়েছে। এসব মামলায় লাখ লাখ মানুষ আসামি। আগামী ৭ দিনের মধ্যে প্রায় আড়াই হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের উদ্যোগ নেয়া হবে।

বিচারক নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, উচ্চ আদালতে এর আগে রাজনৈতিক বিবেচনায় বিচারক নিয়োগ দেয়া হয়েছে। এখন থেকে বিচারক নিয়োগ হবে দক্ষতা ও দল নিরপেক্ষতার ভিত্তিতে। বিচারক নিয়োগের জন্য সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ করা হচ্ছে।