কারখানা কর্তৃপক্ষ প্রতিশ্রুতি রক্ষা না করায় গাজীপুরের জিরানী এলাকায় রেডিয়াল ইন্টারন্যাশনাল লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা দুপুরে বিক্ষোভ করেছে। সোমবার (৭ অক্টোবর) বিক্ষোভকারীরা চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করলে ওই রাস্তায় যান চলাচল প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকে। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।
শ্রমিক ও শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, গত সপ্তাহে শ্রমিকরা হাজিরা বোনাস বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছিল। তখন কারখানা কর্তৃপক্ষ তাদের দাবিগুলো মেনে নেয়ার আশ্বাস দিলেও তা আর বাস্তবায়ন করেনি। সোমবার (৭ অক্টোবর) দুপুরে টিফিনের সময় শ্রমিকরা আবারো কারখানার সামনে অবস্থান নিয়ে এক পর্যায়ে বিক্ষোভ শুরু করে। পরে উত্তেজিত শ্রমিকরা চন্দ্রা-নবীনগর সড়কে অবরোধ সৃষ্টি করে। এ সময় বেলা ১টা থেকে ৩টা পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ ছিল। ফলে উভয় দিকে দীর্ঘ যানজট তৈরি হয়।
কারখানার শ্রমিক রহমান জানান, আমাদের দাবি নিয়ে বারবার আশ্বাস দেয়া হচ্ছে। কিন্তু কোনো পদক্ষেপ নেয়া হচ্ছে না। মালিক দাবি মেনে নেয়ার ঘোষণা না দিলে আমরা আন্দোলন চালিয়ে যাব।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার আবু তালেব জানান, শ্রমিকরা বিভিন্ন দাবিতে আন্দোলন শুরু করে এবং সড়ক অবরোধ করে। তাদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানের চেষ্টা চলছে।










