সরকারের উপদেষ্টাদের দফতর পুনর্বণ্টন করা হয়েছে। এ ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে দেওয়া হয়েছে দু’টি নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব। প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনি এখন থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় দেখবেন।

রোববার (১৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর মধ্য দিয়ে ডা. জাহেদ উর রহমানের ওপর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দু’টি মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পিত হলো।

নতুন দায়িত্বপ্রাপ্তি প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান নিজের ফেসবুক পোস্টে লেখেন, ‘‘প্রধানমন্ত্রীর পলিসি এন্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালনের পাশাপাশি আমার ওপরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব সংযুক্ত হওয়ায় সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।’’

উল্লেখ্য, ডা. জাহেদ উর রহমান গত ২৪ ফেব্রুয়ারি প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ পান।

এর আগে, গত ৪ মার্চ প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার মধ্যে দুজনের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছিল। তাদের মধ্যে নজরুল ইসলাম খানকে রাজনৈতিক উপদেষ্টার পাশাপাশি কৃষি মন্ত্রণালয় এবং রুহুল কবীর রিজভী আহমেদকে রাজনৈতিক উপদেষ্টার পাশাপাশি শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়। মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টাদের মধ্যে মির্জা আব্বাস রাজনৈতিক উপদেষ্টা হিসেবে রয়েছেন।

গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার গঠনের পর আট প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করা হয়। এ ছাড়া বিএনপি সরকার গঠন করার পর এত দিন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি ১২ মার্চ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন। একই দিনে নতুন মন্ত্রী হিসেবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয় আহমেদ আযম খানকে। আর ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করে আসা কায়সার কামাল জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন। পরে পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে এই মন্ত্রণালয়ের পাশাপাশি ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বও দেয়া হয়।

সব মিলিয়ে এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্যসংখ্যা ৪৯। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া পূর্ণ মন্ত্রী ২৫ জন এবং প্রতিমন্ত্রী ২৩ জন। এর বাইরে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর ১০ জন উপদেষ্টা আছেন।