নারায়ণগঞ্জের আড়াইহাজারে বালুবাহী ট্রাক্টরের ধাক্কায় সিহাব (২৩) নামে এক মাদ্রাসার ছাত্রের মৃত্যু হয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুর আড়াইটার দিকে আড়াইহাজার উপজেলার কালিবাড়ি এলাকায় বালুবাহী একটি ট্রাক্টর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সিহাব মারা যান। সিহাব আড়াইহাজারের একটি মাদ্রাসায় দাওরায়ে হাদিসের ছাত্র ছিলেন।

অন্যদিকে সোনারগাঁয়ের দড়িকান্দি এলাকায় রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই নারীর পরিচয় মিলেনি।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনায়েত হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ট্রাক্টরটি আটক করা হয়েছে।