রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় চাঁদের
গাড়ি নামে পরিচিত জিপ খাদে পড়ে দুজন নিহত ও একজন আহত হয়েছেন। গতকাল শনিবার (১৫ এপ্রিল)
বিকাল ৫টার দিকে গবাছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
দুর্ঘটনায় আহত এক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক
হওয়ায় তাকে চট্টগ্রামে স্থানান্তর করা হয়েছে।
নিহতরা হলেন চট্টগ্রামের সাতকানিয়া
উপজেলার ডুলুপুর গ্রামের মিনহাজুল করিম (২০) ও হাটহাজারী উপজেলার পশ্চিম ফতেয়াবাদ গ্রামের
মোহাম্মদ নাঈম (২৩)। গুরুতর আহত মোহাম্মদ শাহিন (২২) ফটিকছড়ি উপজেলার কাঞ্চল নগরের
বাসিন্দা।
রাজস্থলী থানা পুলিশ জানায়, রাঙ্গামাটির
বিলাইছড়ি ও রাজস্থলীর উপজেলার সীমান্তবর্তী গবাছড়া এলাকায় একটি চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ
হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়, আহত হয় একজন।
দুর্ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলাবাহিনী
ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
পুলিশ জানায়, সীমান্ত সড়কের কাজ শেষ
করে চাঁদের গাড়িটি রাজস্থলীর উদ্দেশে আসছিল। গবাছড়া নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর
খাদে পড়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজস্থলী
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি
রাঙ্গামাটি জেলারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের
কর্তব্যরত চিকিৎসক ডা. বুলবুল আহম্মদ জানান, সন্ধ্যায় ইফতারের পর হাসপাতালে দুর্ঘটনা
কবলিত এলাকা থেকে তিনজন রোগী আনা হলে দুজনকে মৃত পাওয়া যায়। একজনের অবস্থা আশঙ্কাজনক
হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে রেফার করা হয়েছে।










