মিরসরাইয়ে পৌরসভার প্যানেল মেয়র শাখের ইসলাম রাজুর বিরুদ্ধে আজিম হোসেন শাহাদাৎ (২০) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মিরসরাই এ হত্যার অভিযোগ ওঠে। নিহত শাহাদাৎ প্যানেল মেয়র রাজু বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করত বলে জানা গেছে। সে ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর এলাকার গণিপুর গ্রামের আব্দুল বাতেনের ছেলে।

দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুরের ইউপি সদস্য নজরুল ইসলাম মিন্টু জানান, শাহাদাৎকে শুক্রবার রাতে কোনো এক সময় পিটিয়ে হত্যা করে গতকাল সকালে একটি মাইক্রোবাসে এনে বাড়ির দরজায় রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে মরদেহটি দাফনের আগে গোসল করাতে গেলে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখে স্থানীয়দের সন্দেহ হলে বিষয়টি পুলিশকে জানানো হয়। এ সময় শাহাদাতের বাবা আব্দুল বাতেন জানান, শাহাদাৎ মিরসরাই পৌরসভার প্যানেল মেয়র শাখের ইসলাম রাজু বাড়িতে কাজ করত। রাজুর লোক শাহাদাৎকে পিটিয়ে হত্যা করে বাড়ির দরজায় ফেলে চলে যায়।

মিরসরাই থানার পুলিশ পরিদর্শক মজিবুর রহমান জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে মিরসরাই পৌরসভার প্যানেল মেয়র শাখের ইসলাম রাজু মোবাইল ফোনে একাধিক ফোন দেয়া হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়। পরে একটি খুদে বার্তা পাঠানো হলেও কোনো উত্তর পাওয়া যায়নি।