নরসিংদীর শিবপুরে জেল পলাতক ডাকাত আতিকুল ইসলাম ভূইয়াকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার (১০ মে) বিকালে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
গত শুক্রবার (৯ মে) দিবাগত রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার গোলাকান্দাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
আতিকুল ইসলাম শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের লামপুর গ্রামের হান্নান ভূঁইয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ মে গভীর রাতে শিবপুরের লামপুর গ্রামের সিঙ্গাপুর প্রবাসী লুৎফর রহমানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ১০-১২ জনের সশস্ত্র ডাকাত দল ওই বাড়িতে হামলা চালিয়ে স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ আনুমানিক ২৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ঘটনার পরদিন ভুক্তভোগী প্রবাসীর পিতা রুহুল আমিন শিবপুর মডেল থানায় অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
পুলিশ আরো জানিয়েছে, মামলার সূত্র ধরে পুলিশ প্রযুক্তির সহায়তায় আতিকুলকে রূপগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আতিকুল ওই ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
ওসি আফজাল হোসাইন বলেন, আতিকুল ইসলাম আগে থেকেই একাধিক মামলার আসামি। এতদিন তিনি জেল পলাতক ছিলেন। তাকে শনিবার আদালতে পাঠানো হয়েছে। এছাড়া ডাকাতির ঘটনায় লুট হওয়া মালামাল উদ্ধারে ও বাকি ডাকাতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।










