চীন থেকে তাইওয়ানকে কেউ আলাদা করতে পারবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ইংরেজি নতুন বছর উপলক্ষে দেয়া এক বার্তায় তিনি একথা বলেন। খবর আনাদোলু এজেন্সি।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, কেউ তাইওয়ানের সঙ্গে চীনের পুনর্মিলন ঠেকাতে পারবে না। তাইওয়ান প্রণালীর দুই পাশের আমরা চীনারা এক এবং একই পরিবারের। আমাদের মধ্যে আত্মীয়তার বন্ধন কেউ কখনও ছিন্ন করতে পারবে না। তিনি বলেন, মাতৃভূমির পুনর্মিলনের ঐতিহাসিক মোমেন্টামকে কেউ বাধা দিতে পারবে না।

আনাদোলু বলছে, প্রেসিডেন্ট শি জিনপিং এমন এক সময়ে এ মন্তব্য করলেন যখন তাইওয়ান নিয়ে উত্তেজনা ক্রমাগত বাড়ছে। তাইওয়ানের নেতা উইলিয়াম লাই চিং-তে গত বছরের মে মাসে দায়িত্ব নেন এবং এরপর থেকে তাইওয়ান দ্বীপের অবরোধসহ তিনটি বড় সামরিক মহড়া করেছে চীনা সেনাবাহিনী। অন্যদিকে তাইওয়ানও জরুরি প্রস্তুতি বাড়ানোর জন্য “টেবলেটপ অনুশীলন” করেছে।

প্রসঙ্গত, ১৯৪৯ সালে চীনে কমিউনিস্টরা ক্ষমতা দখল করার পর তাইওয়ান দেশটির মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। যদিও তাইওয়ানকে বরাবরই নিজেদের একটি প্রদেশ বলে মনে করে থাকে বেইজিং। এরপর থেকে তাইওয়ান নিজস্ব সরকারের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে।