গত আগস্টে দেশে ২৫২ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। সে হিসাবে প্রতিদিন গড়ে আট নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়। নির্যাতনের শিকার নারী ও কন্যাশিশুদের মধ্যে ৫৫ জন হত্যা এবং ৫৪ জন ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের শিকার হওয়াদের মধ্যে ৩৬ জনই কন্যাশিশু।

এছাড়া হত্যাচেষ্টা, অগ্নিদগ্ধ, আত্মহত্যা, গৃহকর্মী নির্যাতন, পারিবারিক সহিংসতা, বাল্যবিবাহ, অপহরণসহ নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছে নারী ও কন্যাশিশুরা।

গতকাল বাংলাদেশ মহিলা পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ১৫টি জাতীয় দৈনিক পত্রিকা ও দুটি অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে এ তথ্য সংকলন করা হয়েছে বলে জানানো হয়।

এতে বলা হয়, আগস্টে নির্যাতনের শিকার ২৫২ জনের মধ্যে ১১৮ কন্যাশিশু এবং ১৩৪ নারী। এর মধ্যে ১০ কন্যা ও ৪৫ নারীসহ মোট ৫৫ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছে।

ধর্ষণের শিকার নারী ও কন্যাশিশুদের মধ্যে আট কন্যাশিশুসহ ১৩ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে এবং ধর্ষণের পর হত্যা করা হয়েছে এক কন্যাশিশুসহ দুজনকে। এছাড়া ১১ কন্যাশিশুসহ ১৪ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত মাসে যৌন সহিংসতার শিকার হয়েছে ২৪ কন্যাশিশুসহ ৩০ জন। এর মধ্যে ১২ কন্যাশিশুসহ ১৪ জন যৌন নিপীড়নের এবং আট কন্যাশিশুসহ নয়জন উত্ত্যক্তের শিকার হয়েছে। সাইবার সহিংসতার শিকার হয়েছে সাতজন, যার মধ্যে চারজন কন্যাশিশু।