সিরাজগঞ্জে বাবাকে হত্যার দায়ে শফিকুল ইসলাম (৩৩) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে এ রায় দেন। যাবজ্জীবন কারদণ্ড পাওয়া শফিকুল ইসলাম জেলার কামারখন্দ উপজেলার কোনাবাড়ী গ্রামের আবদুল মান্নান মধুর ছেলে। জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১ অক্টোবর সকালে আসামি শফিকুল ইসলাম বাড়ির পাশে লাগানো বিভিন্ন জাতের ছোট-বড় গাছ দা দিয়ে কেটে নষ্ট করছিলেন। এতে তার বড় ভাই বাধা দিলে শফিকুল হাতে থাকা দা দিয়ে তাকে কোপ দেন। এ সময় তাদের বাবা আবদুল মান্নান মধু এগিয়ে এলে তাকেও দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন শফিকুল। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৭ অক্টোবর মারা যান আবদুল মান্নান।