রাজধানীর কমলাপুরে বাসের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। এছাড়া রাজশাহী, খুলনা ও গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় আরো তিনজন প্রাণ হারিয়েছেন। গতকাল দিনের বিভিন্ন সময় এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
ঢাকা: রাজধানীর কমলাপুর মোড়ে গতকাল সকাল সাড়ে ৯টার দিকে রাস্তা পার হচ্ছিল রশনি পাল (৭) নামে একটি শিশু। এ সময় বিআরটিসি বাসের ধাক্কায় সে গুরুতর আহত হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত রশনি মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাটগাঁও গ্রামের পলাশ পালের মেয়ে। তার পরিবার রাজধানীর মুগদা মান্ডা এলাকায় বসবাস করে।
রাজশাহী: একটি ট্রাকের সঙ্গে অন্য ট্রাকের ধাক্কায় এক হেলপার নিহত হয়েছেন। গতকাল ভোর সাড়ে ৪টার দিকে রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা-আমচত্বর সড়কের খিরশন টিকর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন হোসেন (২৬) ময়মনসিংহের হালুয়াঘাট এলাকার বাসিন্দা।
খুলনা: জেলার ডুমুরিয়ায় বাসের ধাক্কায় ট্রাক খাদে পড়ে চালক নিহত হয়েছেন। গতকাল সকাল ১০টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ঝিলেরডাঙ্গা নিঝুমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকচালক মাজাহারুল (১৫) ডুমুরিয়া উপজেলার কৈয়া বাজারসংলগ্ন বাদুরগাছা গ্রামের মুসলমানপাড়া এলাকার আলমগীর গাজীর ছেলে।
গাইবান্ধা: গোবিন্দগঞ্জে যাত্রীবাহী দুই বাসের চাপায় মিলন ব্যাপারী (৩০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে পৌরসভার বোয়ালিয়া এলাকায় চক্ষু হাসপাতালের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিলন ব্যাপারী উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইড় ফকিরপাড়া গ্রামের মৃত মোসলেম উদ্দিন ব্যাপারীর ছেলে।










