নড়াইলে ট্রলির ধাক্কায় ইজিবাইকে থাকা স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এছাড়া দিনাজপুর, চট্টগ্রাম ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় আরো চারজনের প্রাণহানি হয়েছে। গতকাল দিনের বিভিন্ন সময় এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

নড়াইল: গতকাল দুপুরে বালিবোঝাই একটি ট্রলি নড়াইলের কালিয়া থানার দিকে যাচ্ছিল। পথে তালবাড়িয়া মৌলভী মোড় এলাকায় বড়দিয়াগামী একটি যাত্রীবাহী ইজিবাইকের সঙ্গে ট্রলিটির ধাক্কা লাগে। এতে ইজিবাইকে থাকা স্বামী-স্ত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন উপজেলার বড় কালিয়া গ্রামের জাফর মুন্সি (৭০) ও তার স্ত্রী মর্জিনা বেগম (৬০)।

নড়াগাতী থানার ওসি মো. আশিকুর রহমান জানান, ট্রলি ও ইজিবাইকটি থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।

দিনাজপুর: ঘোড়াঘাটে প্রাইভেট কারের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। গতকাল সকাল ৭টার দিকে উপজেলার রানীগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক জানান, প্রাইভেট কারের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এছাড়া রাস্তার পাশে একটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় এক নারী নিহত হয়েছেন। তবে তার পরিচয় পাওয়া যায়নি। তার বয়স ৫০ বছর হতে পারে। স্থানীয়রা জানিয়েছেন, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। আঙুলের ছাপ নিয়ে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

অন্যদিকে হাকিমপুরে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে বিপ্লব হোসেন (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি প্রাণ কোম্পানিতে চাকরি করতেন বলে জানা গেছে। গতকাল দুপুরে হিলি-বিরামপুর সড়কের লোহাচড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বিপ্লব পার্শ্ববর্তী বিরামপুর উপজেলার বিজুল গ্রামের বাসিন্দা।

চট্টগ্রাম: জেলার সীতাকুণ্ডে গাড়ির ধাক্কায় মো. আব্দুর রহিম (৩৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার কদমরসুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম চট্টগ্রাম নগরের বন্দর থানার আকমল আলী রোডের মনির বিল্ডিং এলাকার মো. আজহার খার ছেলে।

বারআউলিয়া হাইওয়ে থানার ওসি মো. আব্দুল মোমিন জানান, সকালে একটি গাড়ি মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে আব্দুর রহিম মারা যান। পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।

সিরাজগঞ্জ: রায়গঞ্জে বাসচাপায় খগেন্দ্রনাথ মাহাতো (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সকালে ঢাকা-বগুড়া মহাসড়কের ভূঁইয়াগাতী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খগেন্দ্রনাথ মাহাতো রায়গঞ্জ উপজেলার উত্তর ফরিদপুর গ্রামের রঙ্গলাল চন্দ্র মাহাতোর ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ জানান, খগেন্দ্রনাথ মাহাতো মোটরসাইকেল নিয়ে চান্দাইকোনা বাজার থেকে হাটিকুমরুল গোল চত্বরের দিকে যাচ্ছিলেন। ভূঁইয়াগাতী বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বগুড়াগামী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরবাইকসহ রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান খগেন্দ্রনাথ মাহাতো।