রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রক্সি ও জালিয়াতিতে যুক্ত থাকার অভিযোগে ছাত্রলীগ নেতা হাসিবুল ইসলাম শান্তকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (৩০ মে) রাতে নগরীর কাটাখালি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
হাসিবুল ইসলাম শান্ত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসম্পাদক ও নাটোর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাকে ডিজিটাল সিকিউরিটি আইনে দায়ের করা একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার বিজয় কুমার বসাক।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ‘আমরা কিছুক্ষণ আগে বিষয়টি জানলাম। যদি এ ঘটনার সঙ্গে জড়িত থাকে তাহলে অবশ্যই তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এ দিকে আজ বুধবার সকালে ছাত্রলীগ নেতা শান্তসহ ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নগরীর মতিহার ও চন্দ্রিমা থানায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে মামলাগুলো দায়ের করেন রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম। তাদের মধ্যে ৯ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, হাসিবুল ইসলাম শান্ত প্রক্সিদাতাদের সঙ্গে ৫০ থেকে ৬০ হাজার টাকার বিনিময়ে অন্যের হয়ে পরীক্ষা দেয়ার চুক্তি করেন। গতকাল মঙ্গলবার আটক প্রক্সিদাতাদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা এ তথ্য জানিয়েছে।
পুলিশ কর্মকর্তা বিজয় কুমার বসাক বলেন, ‘গতকাল আটক প্রক্সিদাতাদের তথ্য অনুযায়ী আমরা নগরীর কাটাখালী এলাকা থেকে শান্তকে গ্রেফতার করি। আমরা যে তথ্য পেয়েছি তাতে সে মিডলম্যান পর্যায়ে আছে। তার মোবাইল ফোন পর্যবেক্ষণ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, গুচ্ছের ভর্তি পরীক্ষার আরো অর্ধশত প্রবেশপত্র পাওয়া গেছে।









