জাতীয় সরকারে যাবে না, সংসদে ও সংসদের বাইরে শক্তিশালী বিরোধী দল হিসেবে কাজ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১৫ ফেব্রুয়ারি) দলটির আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান চলে যাওয়ার পর সংবাদ সম্মেলনে একথা বলেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি বলেন, নির্বাচন পরবর্তী সরকারের সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমান সম্ভাব্য প্রধান বিরোধীদলের প্রধান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন। এ সময় উভয়ের মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। দীর্ঘদিন বিএনপি ও জামায়াতে ইসলামী একসঙ্গে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন, সংগ্রাম করেছি। সরকারও গঠন করেছি। আমরা ফ্যাসিবাদ পতন পরবর্তীতে দুটি দল এবার আলাদাভাবে নির্বাচন করেছি।