বিশ্ব ইজতেমা আগামী ২ ফেব্রুয়ারি থেকে গাজীপুরের টঙ্গীতে শুরু হচ্ছে। তুরাগ নদের তীরে তিন দিনব্যাপী ইজতেমার প্রস্তুতি প্রায় শেষের পথে। এরই মধ্যে ১৬০ একর  ইজতেমা মাঠ ৯০ শতাংশ প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে ইজতেমা আয়োজক কর্তৃপক্ষ।

আয়োজকরা জানান, এবারো ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব আগামী ২ ফেব্রুয়ারি শুরু হবে এবং ৪ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। দ্বিতীয় পর্ব শুরু হবে ৯ ফেব্রুয়ারি এবং শেষ হবে ১১ ফেব্রুয়ারি। এবারই প্রথম ৬৪ জেলার তাবলীগ জামাত তাদের নিজস্ব উদ্যোগে নির্ধারিত স্থানে তাঁবু টানানোর কাজ করছে। অন্যান্য বছর তাঁবু টানানোর কাজ কেন্দ্রীয়ভাবে করা হতো। এবার শুধু বয়ানের জন্য নির্ধারিত জায়গা এবং বিদেশীদের জন্য কামরা ইজতেমা কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় সম্পন্ন করছে।

ইজতেমা আয়োজক কর্তৃপক্ষের মিডিয়া সমন্বয়কারী মুফতি জহির ইবনে মুসলিম জানান, এরই মধ্যে ইজতেমা আয়োজনের ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে। বাকি কাজ দুই-তিনদিনের মধ্যে শেষ হয়ে যাবে। প্রতিদিন প্রায় পাঁচ-ছয় হাজার লোক দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে স্বেচ্ছাশ্রমে কাজ করছে। এবার ইজতেমা মাঠে শুধু বাঁশের খুঁটি পুঁতে দেয়া হয়েছে। চটের শামিয়ানা টানিয়ে দেয়া হয়নি। প্রতিটি জেলার তাবলীগ জামাত যার যার নির্ধারিত স্থানে চটের সামিয়ানা টানিয়ে নেবে। বয়ানমঞ্চের পশ্চিম পাশে বিদেশী মেহমানদের জন্য টিন দিয়ে কামরা তৈরি করা হয়েছে। সেখানে উন্নতমানের টয়লেট, বিদ্যুৎ এবং সাউন্ড সিস্টেমের কাজ প্রায় শেষ পর্যায়ে। এবার বিশ্বের প্রায় ১২০টি দেশের তাবলীগ জামাত ইজতেমায় অংশ নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এদিকে ইজতেমা সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে এরই মধ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ শুরু করেছে। গাজীপুর জেলা প্রশাসন, সিটি করপোরেশন, পুলিশ, র‌্যাব ও ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তর তাদের নিজ নিজ সেল গঠন করেছে।

জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম জানান, বিশ্ব ইজতেমার প্রস্তুতি প্রায় শেষের পথে। ইজতেমা ময়দানে যা যা প্রয়োজন, রাস্তাঘাট নির্মাণ, ওয়াশ ব্লকগুলো সংস্কার ও পুনরায় নির্মাণ, নষ্ট হয়ে যাওয়া পাম্পগুলো পরিবর্তন করে তারা সব ব্যবস্থাপনা সম্পন্ন করেছেন।

গাজীপুর মেট্রোপলিটন উপপুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) মোহাম্মদ ইব্রাহীম খান জানান, ইজতেমা মাঠের ভেতরে এবং বাইরে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ওয়াচ টাওয়ারের কাজ চলছে। ইজতেমা সফল করতে ইউনিফর্ম ও সাদা পোশাকে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে।