মিরসরাইয়ে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। তার নাম দিদারুল আলম। তিনি জোরারগঞ্জ থানাধীন করেরহাট ইউনিয়নের কাটাগাং গ্রামের সৈয়দ আহম্মদের পুত্র। জোরারগঞ্জ থানার এএসআই আমজাদ হোসেনের নেতৃত্বে রোববার রাতে মিরসরাই পৌর এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

জোরারগঞ্জ থানা সূত্রে জানা গেছে, ২০০৬ সালের ১৯ ফেব্রুয়ারি পূর্বশত্রুতার জের ধরে করেরহাটের কাটাগাং এলাকায় সৌরভ হোসেনকে (২৫) কুপিয়ে জখম করে রাস্তায়  ফেলে গেলে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতলে নিয়ে যাওয়ার পরদিন সে মারা যায়। এরপর সৌরভের পরিবার মিরসরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ওই মামলায় দিদারসহ ৩ জনকে যাবজ্জীবন কারাদন্ড দেন আদালত। এরপর থেকে দিদার প্রবাসে পলাতক ছিল। 

জোরারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন ফারুকী জানান, গ্রেফতারকৃত দিদারকে সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।