টাকার বিনিময়ে অন্যের হয়ে জেল খাটতে গিয়ে কারা ফটকে ধরা পড়েছেন এক যুবক। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ফেরত পাঠানো হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) কারা অধিদফতর এ তথ্য জানান।
কারা অধিদফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) জান্নাতুল ফেরদৌস বণিক বার্তাকে বলেন, কিশোরগঞ্জের একটি মাদক মামলার আসামি মো. রজব আলী গত ২৫ জানুয়ারি গাজীপুর জেলা কারাগারে হাজির হন। পরে ৩১ জানুয়ারি তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ পাঠানো হয়।
তিনি জানান, সেখানে অনলাইন ডাটাবেজে তথ্য অন্তর্ভুক্তির জন্য ফিঙ্গারপ্রিন্ট নেয়ার সময় দেখা যায় বন্দির পরিচয়ে গড়মিল রয়েছে। যাচাইয়ে ওঠে আসে, রজব আলী নামে কারাগারে আসা ওই ব্যক্তির প্রকৃত নাম মো. আজিজুল হক।
এআইজি জানান, পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদে আজিজুল হক স্বীকার করেন, লোভে পড়ে তিনি টাকার বিনিময়ে রজব আলীর পরিবর্তে জেল খাটতে কারাগারে এসেছিলেন। পরিচয় নিশ্চিত হওয়ার পর তাকে কারাগার থেকে ফেরত পাঠানো হয়।










