সাবেক সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক সচিব এবিএম আমিন উল্লাহ নূরীর বিরুদ্ধে ১৩৭ বাস কেনা নিয়ে কারসাজির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিশেষ তদন্ত শাখা থেকে অভিযোগটি পরিচালনা করা হবে। গত ৭ জানুয়ারি অভিযোগটির অনুসন্ধানের জন্য অনুমোদন দেয়া হয়। এজন্য একটি টিমও গঠন করা হয়।

উপপরিচালক মো. গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে টিমের অন্য সদস্যরা সহকারী পরিচালক মো. আব্দুল মালেক ও উপসহকারী পরিচালক মো. আনিসুর রহমান।

দুদক সূত্রে জানা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার অংশে বিশেষায়িত লেন প্রকল্পের (বিআরটি) এ রাস্তায় চলাচলের জন্য ১৩৭টি বাস কেনার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠেছে। সাবেক সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী পছন্দের প্রতিষ্ঠানের মাধ্যমে শীতাতপনিয়ন্ত্রিত ১৩৭টি বাস কিনতে চেয়েছিলেন; কিন্তু সেটা করতে না পেরে পুরো প্রক্রিয়াকে ঝুলিয়ে দিয়েছেন।

অভিযোগের বিষয়ে এবিএম আমিন উল্লাহ নূরী বণিক বার্তাকে বলেন, ‘এটা বোর্ড অনুমোদন দিয়েছিল। আমি একজন সদস্য মাত্র। বাসগুলো তো কেনাও হয়নি। বোর্ডে তো অনেক মেস্বার থাকেন। দুদক অনুসন্ধান করে সত্যতা বের করুক।’