বাস চালককে আটকে রেখে মারধরের ঘটনায় বরিশাল-খুলনাসহ ৭ রুটে সরাসরি বাস চলাচল বন্ধ করে দিয়েছে বাস শ্রমিকরা। আজ বুধবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য এ অচলাবস্থা চলছে।
ঝালকাঠি জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. হান্নান শেখ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, পিরোজপুর ও ঝালকাঠির বাস শ্রমিকদের দ্বন্দ্বের বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত এই রুটে বাস চলাচল বন্ধ থাকবে।
জানা গেছে, বাসে যাত্রী তোলা নিয়ে ঝালকাঠির বাসের স্টাফদের সঙ্গে বাকবিতণ্ডা হয় পিরোজপুরের বাস চালক অরবিন্দ কুমার দাসের। এর পরিপ্রেক্ষিতে বরিশাল যাওয়ার পথে ঝালকাঠিতে পৌঁছালে তাকে ধরে নিয়ে অফিস কক্ষে আটকে রাখে ঝালকাঠির বাসের স্টাফরা। পরে বাস চালক সুমনের নেতৃত্বে সুপারভাইজার ও হেলপারসহ আরো কয়েকজন তাকে মারধর করেন। সঙ্গে থাকা নগদ ৩৯ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগও করেন অরবিন্দ কুমার। ঘটনার পর তাকে স্থানীয়রা উদ্ধার করে।
বরিশাল রুপাতলী বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন বলেন, বুধবার সকালে বরিশালের বাস বেকুটিয়া ফেরিঘাট থেকে ফিরিয়ে দেয় পিরোজপুরের বাস শ্রমিকরা। এরপর থেকেই বরিশাল থেকে খুলনাসহ সাত রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি।
সরাসরি বাস চলাচল বন্ধ থাকায় বরিশাল থেকে ঝালকাঠি ও পরে বাস পরিবর্তন করে গন্তব্যে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এসব রুটের শত শত যাত্রী।
বরিশাল-খুলনাসহ ৭ রুটে বাস চলাচল বন্ধ
বাস চালককে আটকে রেখে মারধরের ঘটনায় বরিশাল-খুলনাসহ ৭ রুটে সরাসরি বাস চলাচল বন্ধ করে দিয়েছে বাস শ্রমিকরা। আজ বুধবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য এই অচলাবস্থা চলছে।










