চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় মালবাহী পিকআপ ভ্যান ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ যাত্রী। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের আরএফএল ডিপোর সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চকরিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের আহম্মদ আলীর মেয়ে রুবিতা আক্তার (২৬), চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার হাশিমপুর এলাকার কবির আহমদের ছেলে বশির আহমদ (৩৫) ও চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ আমজারবাগ এলাকার আব্দুল শুক্কুর মুন্না (৪১)। তবে আহতদের পরিচয় এখনো জানা যাায়নি।

চিরিংগা হাইওয়ে থানার এ এস আই দিদার বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে চকরিয়ায় ফিরছিল ঈগল পরিবহনের একটি বাস। কক্সবাজার থেকে ওষুধ নিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিল একটি পিকআপ ভ্যান। গাড়ি দুটি চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের আরএফএল ডিপোর সামনে পৌঁছালে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।

স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নারীসহ দুজনকে মৃত ঘোষণা করেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চিরিংগা হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে এবং তাদের পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে। আহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।