রাজধানীর ধানমন্ডিতে ফুটওভার ব্রিজ পার হওয়ার সময় অতর্কিত হামলার শিকার হওয়ার অভিযোগ করেছেন পর্বতারোহী শায়লা বিথী। গতকাল দুপুরে ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাইস্কুলের সামনের ফুটওভার ব্রিজে এ ঘটনা ঘটে। পরে তিনি শেরেবাংলা নগর থানায় অভিযোগ করেন।
অভিযোগ পাওয়ার পর শেরেবাংলা নগর থানার ওসি মোজাম্মেল হক বলেন, ‘ফুটওভার ব্রিজ থেকে নামার সময় কে বা কারা তার চুলের মুঠি টেনে ধরেছে। তবে তিনি হামলাকারীদের দেখেননি। তিনি সিঁড়িতে পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়েছেন। আমরা এমন অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে একটা টিম পাঠিয়েছি। এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।’
বিথী প্রথম বাংলাদেশী নারী হিসেবে ২০২১ সালের নভেম্বরে হিমালয়ের বিখ্যাত থ্রি-পাস অতিক্রম করেন। ২০১৫ সালে নেপালের মাউন্ট কেয়াজুরির বেজক্যাম্প (১৫ হাজার ৫০০ ফুট উচ্চতা) ট্র্যাকিং করেন। ২০১৬ সালের অক্টোবরে সফলভাবে নেপালের মেরা পর্বতের চূড়ায় (৬ হাজার ৪৭৪ মিটার) ওঠেন বিথী।










