পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম কালিয়ামনি। সম্প্রতি ওই এলাকায় সরকারি খাসজমি দখল করে চা বাগান স্থাপন করার অভিযোগ উঠেছে একদল প্রভাবশালীর বিরুদ্ধে।

লিখিত অভিযোগে জানা গেছে, নদীতীরবর্তী এলাকায় সরকারি প্রায় ২৫ একর খাসজমি রয়েছে। দেবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন উল হক ও তার পরিবারের সদস্যরা কিছু সরকারি খাসজমি লিজ নিয়ে পুরো খাসজমি দখল করে রাস্তাঘাট বন্ধ করে দিয়ে স্থাপন করেছে চা বাগান। ফলে এলাকাবাসীর চলাচলের পথ রুদ্ধ হয়ে পড়েছে।

খাসজমির মধ্যে রাস্তায় বাঁশের বেড়া দিয়ে ও রাস্তা কেটে ফেলে যাতায়াতের পথ বন্ধ করে দেয়া হয়েছে। রাস্তা বন্ধ থাকায় এলাকাবাসী নদীতেও যেতে পারছে না। এর প্রতিকার চেয়ে গ্রামবাসীরা লিখিত অভিযোগ দায়েরসহ মানববন্ধন কর্মসূচি পালন করেছে।