আগামী বাজেটে বিড়িতে শুল্ক কমানো, বিড়ির ওপর অর্পিত ১০ শতাংশ অগ্রিম আয়কর প্রত্যাহারসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বরিশাল জেলা বিড়ি শ্রমিক সংগ্রাম পরিষদ। গতকাল বেলা ৩টায় বরিশাল চেম্বার অব কমার্সের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সিনিয়র সহসভাপতি লোকমান হাকিমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বিড়ি শ্রমিক নেতা শাহিন হাওলাদার, সুমন সাহা, ফারহাদ হোসেন, সোহাগ মিয়া, শাহিন খলিফা প্রমুখ।
শ্রমিকদের অন্য দাবিগুলো হলো সরেজমিনে পরিদর্শন ব্যতিরেকে বিড়ি কারখানার লাইসেন্স না দেয়া, নকল বিড়ি বন্ধে পদক্ষেপ নেয়া এবং বিড়ি শিল্পে নিয়োজিত শ্রমিক ও মালিকদের সুরক্ষা আইন প্রণয়ন করা।
বক্তরা বলেন, বিড়ি শিল্প শ্রমিকবান্ধব ও শতভাগ দেশীয় প্রযুক্তিনির্ভর। এতে ব্যবহূত সব কাঁচামাল দেশেই উৎপাদিত। অথচ বিদেশী বহুজাতিক কোম্পানির ষড়যন্ত্রে বৈষম্যমূলক এ শিল্প ধ্বংস করা হচ্ছে। অতিরিক্ত করের বোঝা সহ্য করতে না পেরে বিড়িমালিকরা কারখানা বন্ধ করতে বাধ্য হচ্ছেন। কারখানা বন্ধ হওয়ায় কর্ম হারিয়ে বেকার হয়ে পড়ছেন বিড়ি শ্রমিকরা।










