সিলেটের আতিয়া মহলে জঙ্গিবিরোধী আলোচিত অভিযানের ঘটনায় সন্ত্রাসবিরোধ আইনের মামলায় তিন আসামিকে খালাস দিয়েছেন আদালত। গতকাল দুপুরে সিলেটের সন্ত্রাসবিরোধী আদালতের বিচারক নূরুল আমীন বিপ্লব এ রায় ঘোষণা করেন। মামলায় খালাসপ্রাপ্তরা হলেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীর জহুরুল হক ওরফে জসিম (২৯), মো. হাসান (২৮) ও জহরুল হক ওরফে জসিমের স্ত্রী আর্জিনা ওরফে রাজিয়া সুলতানা (২১)। আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি মুমিনুর রহমান বলেন, ২০১৭ সালের ২৪ মার্চ ভোরে আতিয়া মহলে জঙ্গি আস্তানায় অভিযানের সময় এ আসামিরা অন্য একটি মামলায় চট্টগ্রাম কারাগারে ছিলেন। সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামিদের খালাস দেন বিচারক।