সিরাজগঞ্জের শাহজাদপুরে মাদ্রাসাশিক্ষক নজরুল ইসলাম হত্যা মামলার আসামি রুহুল কুদ্দুসকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

গতকাল দুপুরে আদালতে আসামির উপস্থিতিতে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ এরফান উল্লাহ এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত রুহুল কুদ্দুস শাহজাদপুর উপজেলার টেকুয়াপাড়া গ্রামের মৃত বাহাদুর সরদারের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, জেলার উল্লাপাড়া উপজেলার চন্দনগাঁতী গয়হাট্টা আলিম মাদ্রাসার আরবি শিক্ষক ছিলেন নজরুল ইসলাম। তিনি নিয়মিত শাহজাদপুর উপজেলার চর নবীপুর খেয়াঘাট পার হয়ে মাদ্রাসায় যাতায়াত করতেন। ২০১৪ সালের ফেব্রুয়ারিতে খেয়া পার হওয়ার সময় রুহুল কুদ্দুস নামের ওই যুবকের সঙ্গে নজরুল ইসলামের কথা কাটাকাটি হয়। এরই জেরে ওই বছরের ৫ এপ্রিল আবারো দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রুহুল কুদ্দুস নজরুল ইসলামকে কুপিয়ে হত্যা করেন।

এ ঘটনায় নিহতের ছেলে আতিকুর রহমান বাদী হয়ে রুহুল কুদ্দুসকে আসামি করে শাহজাদপুর থানায় হত্যা মামলা করেন। পুলিশ রুহুল কুদ্দুসকে গ্রেফতার করলে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলায় ১৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে গতকাল এ রায় দেন আদালত।