প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়া হচ্ছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল। তিনি জানান, আগামীকাল রোববার সকাল ১১টায় এয়ার এ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর নেয়া হবে। তার সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলাদলের সভানেত্রী আফরোজা আব্বাস এবং জ্যেষ্ঠ সন্তান মির্জা ইয়াসির আব্বাস ভাশন তার সঙ্গে যাবেন।

গত বৃহস্পতিবার ইফতারে পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। পরিস্থিতির অবনতি ঘটলে রাতেই তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়েছিল। সেই পরীক্ষার প্রতিবেদনে অবস্থার অবনতি বোঝা যাওয়ায় দ্রুত একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে এবং সব কিছু দেখে অস্ত্রোপচারের সিদ্ধান্ত হয়।

সে ধারাবাহিকতায় শুক্রবার দুই দফায় অস্ত্রোপচার শেষে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। শনিবার সকালে মির্জা আব্বাসের মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়, যার প্রতিবেদন ভালো এসেছে বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম।

এদিকে শুক্রবার দুপুরে মির্জা আব্বাসকে দেখতে এভার কেয়ার হাসপাতালে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিরোধী দলের নেতা ও জামায়াত আমীর ডা. শফিকুর রহমানসহ অনেকে তার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান।