দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, একটি গাছ লাগানোই যথেষ্ট নয়, গাছকে বড় করে তুলতে যেমন নিয়মিত পরিচর্যার প্রয়োজন, তেমনি একটি শিশুকেও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সঠিক শিক্ষা, নৈতিক মূল্যবোধের উন্মেষ ও সুস্থ সামাজিক পরিবেশ।

আজ শনিবার সকালে লালমনিরহাট জেলা পরিষদের উদ্যােগে আয়োজিত বৃক্ষমেলা উদ্বোধন ও বিভিন্ন সংগঠনের মাঝে চারাগাছ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী ও সুস্থ প্রাণের বিকাশে বৃক্ষরোপণ কর্মসূচিকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। এজন্য সামাজিক সংগঠনগুলোকে আরো সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি সামাজিক অপরাধ দমন ও অবক্ষয় রোধে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ড প্রসারে গুরুত্বারোপ করেন।

জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে লালমনিরহাট জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম উপস্থিত ছিলেন।

মন্ত্রী এর আগে লালমনিরহাট আরডিআরএস পরিচালিত অন্ধ শিশুদের শিক্ষা কার্যক্রম পরিদর্শন করেন।