একটি-দুটি নয়, ১৪১টি সেচ মিটার চুরি করেছেন তিনি। তবে শেষ রক্ষা হয়নি তার। ১৪১তম মিটারটি চুরি করার পর ধরা খেয়েছেন গাইবান্ধার ইমতিয়াজ মন্ডল স্বাধীন (৩০)। মিটার চোর চক্রের এ হোতাকে বুধবার বিকালে দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শহরগাছী বাজার এলাকা থেকে আটক করে। তার কাছ থেকে সিমকার্ডসহ চুরি করা দুটি মোবাইল উদ্ধার করে পুলিশ। ধরা পড়া স্বাধীন পুলিশের কাছে দিনাজপুর, গাইবান্ধা ও জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় শিল্প ও সেচ মিটার চুরির বর্ণনা দেন। চুরি করা মিটারের স্থানে মোবাইল ফোনের একটি নম্বর লেখা একটি চিরকুট রেখে আসতেন তিনি। পরে মিটারের মালিক চিরকুটে লেখা নম্বরে কল দিলেই তার কাছে মিটার ফেরত পেতে ৫ হাজার থেকে শুরু করে বিভিন্ন অংকের অর্থ দাবি করতেন। দাবি অনুযায়ী তার দেয়া বিকাশ নম্বরে টাকা পাঠিয়ে দিলেই বলে দেয়া হতো চুরি হওয়া মিটার কোথায় আছে।

মিটার চুরির অভিযোগে আটক ইমতিয়াজ মন্ডল গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পিয়ারাপুর গ্রামের রিয়াজ উদ্দিন মন্ডলের ছেলে। এ ঘটনায় দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর রানীগঞ্জ জোনাল অফিসের এজিএম আব্দুল মোত্তালেব বাদী হয়ে আটক স্বাধীনসহ দুজনের নাম উল্লেখ করে বুধবার ঘোড়াঘাট থানায় একটি মামলা করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ঘোড়াঘাট থানার উপপরিদর্শক জিয়াউর রহমান বলেন, আটকের পর স্বাধীন মিটার চুরির কথা স্বীকার করেন। সর্বশেষ ২৫ মে রাতে তিনি জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা এলাকার রাধাবাড়ী গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী হাকিম মন্ডলের সেচ পাম্পের একটি মিটার চুরি করেন। মামলার বাদী পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর রানীগঞ্জ জোনাল অফিসের এজিএম আব্দুল মোত্তালেব বলেন, গত তিন মাসে শুধু ঘোড়াঘাট উপজেলা থেকে প্রায় ৪০টি মিটার চুরির ঘটনা ঘটেছে। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক স্বাধীন আমাদের জানিয়েছেন, এখন পর্যন্ত তিনি ১৪১টি মিটার চুরি করেছেন।