বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থাসমূহের ২০২৬-২৭ অর্থবছরে চলমান এবং এডিপিতে অন্তর্ভুক্ত অননুমোদিত নতুন প্রকল্পসমূহের উপর পর্যালোচনা সভা আজ সোমবার দুপুরে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি।
মন্ত্রী আফরোজা খানম বলেন, প্রকল্প প্রণয়নের প্রকল্পটির সম্ভাবনা ও ভবিষ্যৎ বিকাশের বিষয়টি বিবেচনায় রাখতে হবে। এছাড়া, প্রকল্পসমূহকে পরস্পরের পরিপূরক হতে হবে এবং প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট এলাকার স্থানীয় জনগণের কার্যকর আন্তঃসম্পর্ক ও সম্পৃক্ততা নিশ্চিত করতে হবে।
মন্ত্রী উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে বলেন, আপনাদের আরো সক্রিয় হতে হবে এবং চলমান প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে।
এসময়, প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারকে বিবেচনায় রেখে আমাদের প্রকল্প প্রণয়ন করতে হবে। সরাসরি সরকারি অর্থায়ন ব্যবহার না করে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে কাজ করার চেষ্টা করতে হবে।
প্রতিমন্ত্রী আরো বলেন, আমাদের উন্নয়ন প্রকল্পগুলোর মাধ্যমে দেশের মানুষ যেন পরিবর্তিত বাংলাদেশের সুফল পায়, তা নিশ্চিত করতে হবে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।










