রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার নিরাপত্তায় কাকরাইল মসজিদ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও এর আশপাশের এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বাহিনীটি।
আজ সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর শাহবাগে জড়ো হন আন্দোলনকারীরা। তারা যমুনার দিকে যেতে চাইলে পুলিশের বাধার মুখে পড়েন। এক পর্যায়ে জলকামান ও সাউন্ড গ্রেনেড ছুড়লে তা উপেক্ষা করে যমুনার প্রবেশ পথের দিকে এগুতে শুরু করেন বিক্ষোভকারীরা। পুলিশ এ সময় জলকামান, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে সরিয়ে দিলে তারা হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নেন।
দুপুর ১টার পর সেখানে অবস্থান নেয়া আন্দোলনকারীদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। এতে তারা ছত্রভঙ্গ হয়ে যান। এরপরই ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নেয় পুলিশ।










