জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও জাতীয় দিবস উপলক্ষে করোনায় বিপদগ্রস্ত ১০০ পরিবারকে খাদ্যসামগ্রী দিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। পর্যায়ক্রমে যশোরের বিভিন্ন অঞ্চলের আরো ১০০০ পরিবারকে খাদ্যসহায়তা দেবে যবিপ্রবি।
গতকাল যবিপ্রবির শেখ রাসেল জিমনেশিয়ামের প্লে গ্রাউন্ডে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এ কর্মসূচি উদ্বোধন করেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। এ সময় তিনি বলেন, জাতির পিতার শাহাদাতবার্ষিকীতে আসুন আমরা শপথ করি, শোককে শক্তিতে রূপান্তর করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলি।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা সবসময় প্রধানমন্ত্রীর পাশে থাকবে। নিরন্নের মুখে অন্ন তুলে দেয়ার এমন কাজ যবিপ্রবি অব্যাহত রাখবে।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ তোফায়েল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন যবিপ্রবির ডিনস কমিটির আহ্বায়ক ড. মো. আব্দুল্লাহ আল মামুন, রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব। উপস্থিত ছিলেন রিজেন্ট বোর্ডের সদস্য অধ্যাপক ড. মো. আনিছুর রহমান, ডিন অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব ও ড. মো. মেহেদী হাসান, অ্যাগ্রো প্রডাক্ট টেকনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস, ফিশারিজ অ্যান্ড মেরিন বায়ো সায়েন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম প্রমুখ।










