শিক্ষার্থীদের অবিলম্বে মুক্তি ও হয়রানি বন্ধের আহ্বান জানিয়ে মিছিল করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাধারণ শিক্ষকরা। আজ বুধবার (৩১ জুলাই) সকাল ১১টা ১৫ মিনিটে বুয়েটের সাধারণ শিক্ষকরা চলমান বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ওপর পুলিশী নিপীড়ন এবং শিক্ষার্থীসহ অসংখ্য সাধারণ মানুষের হত্যার বিচার দাবিতে মিছিল বের করেন। এ সময় অনেকেই হাতে, মুখে কিংবা মাথায় লাল কাপড় বেঁধে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

মিছিলটি বুয়েটের মেইন ক্যাম্পাস থেকে শুরু করে পলাশী হয়ে বুয়েটের ইসিই ভবন, বুয়েট মাঠ ও ঢাকা মেডিকেলের মাঝের রাস্তা দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার ঘুরে পুনরায় বুয়েট মেইন ক্যাম্পাসের শহীদ মিনারের সামনে এসে সমাপ্ত হয়। মিছিলে প্রভাষক থেকে শুরু করে অধ্যাপক পর্যন্ত সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মিছিল শেষে চলমান পরিস্থিতিতে শিক্ষার্থী ও সাধারণ জনগণের নির্বিচার হত্যার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সবাইকে দ্রুততম সময়ের মধ্যে চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণের লক্ষ্যে স্বাধীন, নিরপেক্ষ ও বিশেষ করে ছাত্রসমাজের কাছে গ্রহণযোগ্য তদন্ত কমিশন গঠন করার দাবি জানিয়ে বিবৃতি প্রদান করা হয়। বিবৃতিতে শিক্ষার্থীদের নির্বিচারে আটক করা এবং বিভিন্ন হয়রানিমূলক কার্যক্রম অবিলম্বে বন্ধ করার জন্যও দাবি জানানো হয়। এছাড়াও জনজীবন স্বাভাবিকীকরণের জন্য কারফিউ প্রত্যাহার এবং ইন্টারনেটের ওপর আরোপিত বিধিনিষেধ প্রত্যাহারের আহ্বান জানানো হয়। পরিশেষে ছাত্র-ছাত্রীদের যৌক্তিক দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ এবং দ্রুত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালু হবে এই প্রত্যাশায় মিছিল শেষ হয় এবং বিবৃতি প্রদানের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।