রাঙ্গামাটির লংগদু উপজেলায় আকস্মিক ঝড়ে কাপ্তাই হ্রদে নৌকাডুবির ঘটনায় এক শিশুসহ ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

গত ৩০ সেপ্টেম্বর রাতের আকস্মিক ঝড়ো হাওয়ায় রাঙ্গামাটির লংগদু অঞ্চলের বিএফডিসি ঘাট, ভাইবোনছড়া, লংগদু লঞ্চঘাট, গুইলশাখালি বিল ও ভাসান্যাদম এলাকায় একাধিক নৌকা ডুবে যায়। খবর পেয়ে মাত্র ১৫ মিনিটের মধ্যে সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সঙ্গে যৌথ উদ্ধার অভিযান শুরু করে। এ ঘটনায় মোট ৫ জন নিখোঁজ হয়েছিলেন বলে জানা যায়। সেনাবাহিনীর প্রচেষ্টায় ওই রাতেই ২ জনকে জীবিত ও ১ শিশুর মরদেহ উদ্ধার এবং পরদিন (১ অক্টোবর) সকালে আরো ২ জনের মরদেহ উদ্ধার করা হয়।

অপরদিকে, একই রাতে (৩০ সেপ্টেম্বর) নানিয়ারচর উপজেলার মহাজনপাড়ায় আরো একটি নৌকা ডুবে যায়। ৬ জন যাত্রীর মধ্যে ৪ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ডেনিজেন চাকমা ও জিতেশ চাকমা নিখোঁজ রয়েছেন। সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রা নৌকাটি উদ্ধার করলেও এ পর্যন্ত ঐ ২ যুবকের সন্ধান মেলেনি। বর্তমানে সেনাবাহিনীর ডুবুরি দল স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে নিখোঁজদের উদ্ধার অভিযান কার্যক্রম চালিয়ে যাচ্ছে।