ময়মনসিংহের ফুলপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে রুবেল (২৫) নামে এক যুবককে গাছে বেঁধে মারধরের অভিযোগে মামলা করা হয়েছে। গতকাল ফুলপুর থানায় সাতজনের বিরুদ্ধে মামলাটি করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ফুলপুর উপজেলার পয়ারী ইউনিয়নের গড় পয়ারী গ্রামের নুরুল হকের ছেলে রুবেল মিয়ার সঙ্গে প্রতিবেশী ও চাচাতো ভাইদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে বৃহস্পতিবার রুবেলকে বাড়ি থেকে ধরে নিয়ে রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধে মারধর করেন কমল মিয়াসহ তার পরিবারের লোকজন। এ সময় রুবেলের চিত্কারে পরিবারের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়।
এ ব্যাপারে ফুলপুর থানার উপপরিদর্শক জাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।









