সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ প্রায় ৯ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে। দীর্ঘ উদ্ধার তৎপরতার পর রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়। সিলেট রেলওয়ে পুলিশ কন্ট্রোল রুম থেকে বণিক বার্তাকে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে শনিবার (১৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে সিলেটের শিববাড়ি এলাকায় চট্টগ্রাম থেকে আসা তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

রেলওয়ে সূত্র জানায়, লাইনচ্যুত বগিটি সরানোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত ৫০০ মিটার রেললাইন মেরামত করা হয়েছে। কুলাউড়া থেকে আসা রিলিফ ট্রেনের মাধ্যমে উদ্ধার কাজ চালিয়ে যাওয়া হয় এবং শেষ পর্যন্ত রেল চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়।

এদিকে, ট্রেন চলাচল বন্ধ থাকায় সিলেট রেল স্টেশনে আটকে পড়া যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়। ঢাকাগামী উপবন এক্সপ্রেস নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি, ফলে যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়।

সিলেট রেলওয়ে স্টেশন মাস্টার জানান, রাতভর উদ্ধার কাজ চলার পর সকাল সাড়ে ৭টার দিকে রেল চলাচল শুরু হয়েছে। তবে এই দুর্ঘটনার কারণে বেশ কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেছে। স্বাভাবিক শিডিউলে ফিরতে কাজ করা হচ্ছে।