আর একদিন পর অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচন উপলক্ষে দেশজুড়ে বইছে নির্বাচনী আমেজ। এ আমেজে অংশ নিতে দুদিন আগে থেকেই গ্রামের বাড়ি ছুটছেন রাজধানীবাসী। এছাড়া আজ থেকে টানা চার দিনের শুরু হয়েছে। এতেই ফাঁকা হচ্ছে রাজধানী।

সরেজমিন দেখা গেছে, রাজধানীর রাস্তা থেকে শুরু করে পাড়া-মহল্লা প্রায় সবখানেই ফাঁকা। সড়কে গণপরিবহন কম। তবে অটোরিকশা, রিকশা চলছে। মাঝে মাঝে সিএনজি চালিত অটোরিকশা চলতে দেখা গেছে। মিরপুর, তেজগাঁও, রামপুরা, বাড্ডা, বনশ্রী, মালিবাগ, মগবাজার, ধানমন্ডি, বসুন্ধরা, যাত্রাবাড়ী এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

কাটাবনের বাসিন্দা মেহেদী হাসান বলেন. আমি লক্ষ্মীপুরে থাকি। কিন্তু আমি ঢাকা ১০ আসনের ভোটার। তাই বাড়ি যায় নাই। গেল ১৭ বছর ভোট দিতে পারি নাই। এবার ভোট দিবো। খুব আনন্দ লাগছে। বলতে পারেন ঈদের মত আনন্দ লাগছে। যারা গ্রামের ভেটার তারা চলে গেছেন। ভোট আর ছুটিতে পুরো এলাকা ফাঁকা হয়ে গেছে। সানাউল্লাহ নামে এক ব্যক্তি বলেন, পুরা ঢাকাই এখন ফাঁকা। ঈদের মতো মানুষ বাড়ি যাচ্ছে।

ইসিবি চত্তরে একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন আবুল বাশার, ইয়াসিন রানাসহ বেশ কয়েকজন। চায়ের আড্ডার ফাঁকে জমে উঠেছিল ভোটের আলাপ। এসময় আবুল বাশার বলেন, ‘আমি চাকরি করি গাজীপুরে কিন্তু ভোটার ঢাকার তাই একদিন আগে বন্ধুর বাসায় চলে এসেছি ভোট দেয়ার জন্য। ২০১০ সালে ভোটার হলেও এইবারেই প্রথম ভোট দিবো৷ এবারের মতো নির্বাচনের পরিবেশ আগে কখনও দেখিনি। সবার মনেই উৎফুল্ল ভাব।’

মতিঝিলে কথা হয় মিনহাজে সাথে। ফাঁকা ঢাকায় তিনি তার পরিবারসহ ঘুরতে বেড়িয়েছেন। তিনি বলেন, ‘এবারের নির্বাচনের পরিবেশ দেখে মনে হচ্ছে ঈদের উৎসব চলছে। তাই ছুটির দিনে ঘুরতে এসেছি। আগামীকাল পরিবারের সবাইকে নিয়ে উৎসবের মতোই ভোট দিতে কেন্দ্রে যাব।’