রাজধানীর বনানীসহ সাত স্থানে সড়ক দুর্ঘটনায় ১১ জনের প্রাণহানি হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। গতকাল ও আগের দিন রাতে লক্ষ্মীপুর, যশোর, বগুড়া, নেত্রকোনা, সাতক্ষীরা ও জামালপুরে এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
ঢাকা: রাজধানীর বনানীতে গাড়িচাপায় দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল সকাল ৯টার দিকে কাকলী মোড়সংলগ্ন এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আশফাকুর রহমান আসিফ (২৪) ও আসিফ মাহমুদ সম্পদ (২১)। আশফাকুর দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল (ইইই) বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার কুমারপাড়ায়। আসিফ মাহমুদ চট্টগ্রামে বাংলাদেশ মেরিন একাডেমির মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার চখলপুর গ্রামে।
বনানী থানার ওসি রাসেল সরোয়ার জানান, তারা দুজন মোটরসাইকেলে ছিলেন। পুলিশ গাড়িটি জব্দ করেছে। তবে রেডিমিক্স কংক্রিটের গাড়িচালক পালিয়ে গেছেন। সহকারীকে আটক করা হয়েছে।
লক্ষ্মীপুর: জেলা সদরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। গতকাল ভোরে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের চন্দ্রগঞ্জ ও লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়কের আবিরনগর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের কুমিদপুর গ্রামের মৃত আব্দুর রবের ছেলে নজরুল ইসলাম কালাম (৫০)। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন। অন্যজনের পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়কের আবিরনগর এলাকায় ফ্রেশ সিমেন্টবাহী কাভার্ড ভ্যান একটি ভ্যানগাড়িকে চাপা দেয়। এতে ভ্যানচালক কালাম আহত হন। তাকে জেলা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে ট্রাকচাপায় এক পথচারী নিহত হন। রাস্তা পারাপারের সময় ট্রাকের নিচে চাপা পড়েন তিনি। সদর থানার ওসি মো. আবদুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করেছেন।
যশোর: ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন। গতকাল বেলা ২টার দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের খয়েরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী ও নিহতের স্বজনরা সড়কে গাড়ি আটকে বিক্ষোভ করেন। পরে ফায়ার সার্ভিস ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত আসিফ সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়া গ্রামের মেহের আলীর ছেলে। আহত রাকিবুল ইসলাম শুভ যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা দুজনই টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। আগামী মাসে আসিফের মালয়েশিয়ায় যাওয়ার কথা ছিল। গতকাল তিনি বন্ধু রাকিবকে নিয়ে পাসপোর্ট আনতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন।
বগুড়া: জেলার শিবগঞ্জে মহাসড়ক পার হতে গিয়ে বাসচাপায় দাদি ও নাতি নিহত হয়েছে। শনিবার রাতে উপজেলার মহাস্থানে ওভারব্রিজের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মছিরন বেগম (৫০) ও তার নাতি নুর আলম (৮)। মছিরন বেগম গড়মহাস্থান হঠাৎপাড়া গ্রামের শহিদুল ইসলামের মা। তিনি হোটেলের কর্মচারী ছিলেন। শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
নেত্রকোনা: পূর্বধলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশা থাকা স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন তাদের পরিবারের আরো দুই সদস্য। গত শনিবার রাতে উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিক মহাসড়কের পাবই শেখপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পূর্বধলা উপজেলার ছোছাউড়া গ্রামের মৃত আজিজুল হকের ছেলে নিজাম উদ্দিন (৫৪) ও তার স্ত্রী রোকেয়া বেগম (৪২)।
পূর্বধলা থানার ওসি মোহাম্মদ নুরুল আলম জানান, কাভার্ড ভ্যানসহ চালক ও হেলপার পুলিশ হেফাজতে রয়েছে। নিহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সাতক্ষীরা: বাসের ধাক্কায় ইজিবাইক থেকে ছিটকে পড়ে মোস্তাকিম (১৮ মাস) নামে এক শিশু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন শিশুটির মাসহ ইজিবাইকের আরো পাঁচ যাত্রী। গতকাল দুপুরে সাতক্ষীরা-আশাশুনি সড়কের দহাকুলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শিশু মোস্তাকিমকে নিয়ে তার মা শাপলা খাতুন ও নানি নাজমা খাতুন খুলনার পাইকগাছা উপজেলার শ্রীকণ্ঠপুর গ্রাম থেকে ইজিবাইকে সাতক্ষীরায় ডাক্তার দেখাতে আসছিলেন। পথে দহাকুলা মোড়ে একটি যাত্রীবাহী বাস তাদের বহন করা ইজিবাইককে ধাক্কা দেয়। এ সময় শিশুটি তার মায়ের কোল থেকে ছিটকে সড়কে পড়ে যায়। তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জামালপুর: জেলার বকশীগঞ্জে রাস্তা পারাপারের সময় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় রাফি (৬) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল বেলা ২টার দিকে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের মির্ধাপাড়া তালতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফি উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের সাতানিপাড়া বালুঝুড়ি গ্রামের আবু হুরাইয়ার ছেলে। বকশীগঞ্জ হাইওয়ে থানার ওসি ইসতিয়াক আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।










