দেশের পুঁজিবাজারে সুশাসন নিশ্চিতে করপোরেট গভর্ন্যান্স রুল সংস্কার করতে যাচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এরই মধ্যে বিধিটির খসড়া প্রস্তাব প্রকাশ করেছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থাটি। তবে যত নীতিমালাই তৈরি হোক না কেন, সেগুলোকে কাগজে-কলমে ঠিক রাখার সংস্কৃতি থেকে বেরিয়ে বাস্তবসম্মত ও কার্যকরী করপোরেট সুশাসন নিশ্চিতের আহ্বান জানিয়েছে কনসালটেন্সি ফার্ম এসএমএসি অ্যাডভাইজরি সার্ভিসেস লিমিটেড।
গতকাল রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এ আহ্বান জানিয়েছে সংস্থাটি। ‘বাংলাদেশে করপোরেট সুশাসন শক্তিশালীকরণ’ শিরোনামে এ আলোচনা সভাটির আয়োজন করা হয়।
প্রস্তাবিত করপোরেট সুশাসন রুলস ২০২৬-এ কোম্পানির পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালকের হার এক-পঞ্চমাংশ থেকে বাড়িয়ে এক-তৃতীয়াংশ করা এবং তাদের অভিজ্ঞতা ও প্রশিক্ষণের শর্ত দেয়া হয়েছে। আবার একজন ব্যক্তি পাঁচটি তালিকাভুক্ত কোম্পানিতে স্বাধীন পরিচালক থাকার সুযোগ কমিয়ে তিনটিতে আনার প্রস্তাব করা হয়েছে।
আলোচনা সভায় বক্তব্য দেন এসএমএসির ব্যবস্থাপনা পরিচালক স্নেহাশীষ বড়ুয়া বিএসইসির কমিশনার হোসাইন সাদাত, ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক মেলিতা মেহজাবীন, ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের কাউন্সিল সদস্য ড. সৈয়দ এ মামুন, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন সাউথ এশিয়ার করপোরেট গভর্ন্যান্স অ্যাডভাইজরি লিড লোপা রহমান, ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশে অতিরিক্ত পরিচালক আফসিন বাতেন, প্রিমিয়ার ব্যাংক পিএলসির স্বতন্ত্র পরিচালক এম নুরুল আলম, ঢাকা স্টক এক্সচেঞ্জের চিফ রেগুলেটরি অফিসার (ভারপ্রাপ্ত) মো. সাফিকুল ভূঁইয়া প্রমুখ।
অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন এসএমইসির পরিচালক জেরীন মাহমুদ হোসেন।










