টিকিট কালোবাজারির সময় আটক পশ্চিমাঞ্চল রেলওয়ের কর্মচারী জিয়াউর রহমানকে (৩৬) সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার মধ্যরাতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
জিয়াউর রহমান নগরীর রেল কলোনি এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি পশ্চিমাঞ্চল রেলওয়ের অতিরিক্ত মহাব্যবস্থাপকের বার্তাবাহক হিসেবে কর্মরত ছিলেন।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনের প্লাটফর্ম থেকে তাকে গ্রেফতার করেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা (আরিএনবি)।
ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ছাড়ার আগ মুহূর্তে এক যাত্রীর সঙ্গে টিকিটের দরদাম করছিলেন জিয়াউর। পাঁচটি টিকিটসহ তাকে হাতেনাতে পাকড়াও করেন আরএনবি সদস্যরা। তাত্ক্ষণিক নির্দেশনায় তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, গোপনে টিকিট বিক্রির সময় আরএনবির গোয়েন্দা সদস্যরা তাকে হাতেনাতে ধরেছেন। তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে রেলের বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।










