আগামী ৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। রাজশাহী শিক্ষা বোর্ডের আওতায় বিভাগের আট জেলায় এবার পরীক্ষার্থী ১ লাখ ২৯ হাজার ২৫ জন। শিক্ষা বোর্ডের  তথ্য মতে, প্রায় ২০ শতাংশ শিক্ষার্থী ঝরে পড়েছে এ ধাপে।

শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর সূত্রে জানা গিয়েছে, উচ্চমাধ্যমিক প্রথম বর্ষে বোর্ডের নিবন্ধিত শিক্ষার্থী ছিল ১ লাখ ৫৫ হাজার ১৬৮ জন। এর মধ্যে এইচএসসি পরীক্ষার জন্য ফরম পূরণ করেছেন ১ লাখ ২৪ হাজার ৯০৯ জন। বাকি ৩০ হাজার ২৫৯ জন ফরম পূরণ করেননি। এদের মধ্যে ছাত্র ১২ হাজার ৫৪৪ জন ও ছাত্রী ১৭ হাজার ৭১৫। শতকরা হিসাবে ১৯ দশমিক ৫০ শতাংশ শিক্ষার্থী ঝরে পড়েছে।

সূত্র জানায়, এ বছর এইচএসসি পরীক্ষায় ৬৮ হাজার ৩৬ জন ছাত্র এবং ৬০ হাজার ৯৮৯ জন ছাত্রী অংশ নিচ্ছেন। এর মধ্যে বিজ্ঞান শাখায় পরীক্ষায় অংশ নেবেন ৩৪ হাজার ৬ জন। মানবিকে ৮০ হাজার ৯৬৪ এবং ব্যবসায় শিক্ষায় ১৩ হাজার ৩৮৭ শিক্ষার্থী পরীক্ষায় বসবেন। বিভাগের আট জেলার ৭৫২টি শিক্ষাপ্রতিষ্ঠানের এসব শিক্ষার্থী ২০১টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবেন।

এদিকে রাজশাহী নগরীর ২৩টি কেন্দ্রে এবারের এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলাকালীন প্রত্যেক কেন্দ্র ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে রাজশাহী মহানগর পুলিশ। এরই অংশ হিসেবে নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

বুধবার এক আদেশে পরীক্ষা  চলাকালীন পরীক্ষা কেন্দ্রগুলোর চতুর্দিকে ২০০ গজের মধ্যে সব ধরনের মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন এবং চারের অধিক জনসাধারণের একত্রে চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আইন অমান্যকারীর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়ার কথাও জানায় আরএমপি।