প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ ‘পোস্টাল ভোট বিডি’ আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় উদ্বোধন করা হবে। সোমবার (১৭ নভেম্বর) নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য জানান। 

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে ইসির তৃতীয় দিনের সংলাপের সমাপনী বক্তব্যের সময় তিনি এ কথা বলেন।

ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, আগামীকাল প্রবাসীদের জন্য আউট অফ কান্ট্রি ভোটিং অ্যাপ উদ্বোধন করব। এটা প্রবাস থেকে ভোট দিতে চাওয়ার নিবন্ধন। প্রবাসীদের সুবিধার জন্য গ্লোবাল সময়ের সঙ্গে সমন্বয় রেখে আগামীকাল সন্ধ্যায় এ অ্যাপ উদ্বোধন করব। 

তিনি আরো বলেন, প্রবাসী যদি ১ কোটি ৪০ লাখ থাকেন তাহলে তা দেশের জনসংখার ৭ থেকে ৮ ভাগ হবে। এ সময় তিনি রাজনৈতিক দলগুলোকে প্রবাসী ভোটারদের নিবন্ধন করতে উৎসাহিত করার অনুরোধ জানান।