কেরানীগঞ্জের বাবু বাজার এলাকার জাবালে নূর টাওয়ারের আগুন প্রায় সাড়ে ১১ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। আজ শনিবার (১৩ ডিসেম্বর) বিকাল ৫টা ৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে এক ক্ষুদে বার্তায় জানায় ফায়ার সার্ভিস।
এর আগে ভোর ৫টা ৩৭ মিনিটে বহুতল ভবনটির নিচতলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন লাগার পর ৫টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। একে একে সেখানে যোগ দেয় ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট।
স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লাগা ভবনটি ১০ তলাবিশিষ্ট। ভবনটির ভূগর্ভস্থ, প্রথম ও দ্বিতীয় তলায় কাপড়ের গুদাম ও দোকান আছে। তৃতীয় থেকে দশম তলা পর্যন্ত আবাসিক ফ্ল্যাট হিসেবে ব্যবহৃত হচ্ছে।
সবশেষ বিকাল পৌনে ৫টার দিকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ইনস্পেকটর আনোয়ারুল ইসলাম জানান, তখন পর্যন্ত তাদের ২০টি ইউনিট আগুনে কাজ করছিল। ওই ভবন থেকে ৪৫ জনকে উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, ভবনের ভেতরের বেশিরভাগ দোকানের তালা ও শাটার কেটে কেটে আগুন নেভাতে হচ্ছে। এ কারণে আগুন নেভাতে সময় লাগছে। পানি নিয়ে প্রথম দিকে কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়তে হলেও পরে তা আর ছিল না।
তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।










