বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর শহরে বুধবার সকালে মাত্র তিন ঘণ্টার এক বয়স্ক দম্পতির মৃত্যু হয়েছে। তাদের মৃত্যুতে এলাকায় নানা গুঞ্জনের সৃষ্টি হয়েছে।
আজ বুধবার সকাল ৬টা ১০ মিনিটে মোরেলগঞ্জ পৌর শহরের সেরেস্তাদার বাড়ি এলাকার বাসিন্দা ৭৫ বয়সী সিপ্রা রানী ভৌমিক মারা যান। এর তিন ঘণ্টা পরে ৯টার দিকে তার স্বামী গীতা রঞ্জন ভৌমিক (৮৩) মারা যান।
এ মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকার মানুষের মধ্যে নানা গুঞ্জন সৃষ্টি হয়। কিছুক্ষণের মধ্যেই পাঁচ সদস্যের একটি মেডিকেল টিম ওই বাড়িতে পৌঁছায়। তারা খোঁজ খবর নেয়। পরিবার ও প্রতিবেশীর সাথে চিকিৎসকরা কথা বলেন।
মৃত দম্পতির ছেলে সুবল ভৌমিক বলেন, বাবা-মা দুজনেরই ডায়বেটিস ও হার্টের সমস্যা ছিল। দুজনকে ভারতে চিকিৎসা শেষে এবছরের জানুয়ারি মাসে বাড়িতে নিয়ে আসা হয়। সে সময় থেকেই তারা অসুস্থ ছিলেন। বাড়িতে অবস্থান করতেন। তাদের শরীরে শ্বাসকষ্ট বা জ্বর ছিল না। করোনা পরিস্থিতি সৃষ্টি হওয়ার পর ২৫ মার্চ থেকে ওই পরিবারের কেউ বাড়ি থেকে বের হতেন না বলেও জানান তিনি।
মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুফতি কামাল হোসেন বলেন, ‘স্বল্প সময়ের ব্যবধানে এক দম্পতির মৃত্যুর খবর পেয়ে আমাদের মেডিকেল টিম ওই বাড়িতে যায়।’ সেখানে চিকিৎসকরা তাদের মৃত্যুর কারণ সম্পর্কে অবহিত হন। তারা জানতে পারেন দীর্ঘদিন ধরে রোগে ভুগছিলেন এবং বার্ধক্যজনিত কারণে তাদের মৃত্যু হয়েছে।
তিনি আরো বলেন, ‘করোনা পরিস্থিতি থাকায় ওই পরিবারের সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে। সার্বক্ষণিক উপজেলা স্বাস্থ্য বিভাগের সাথে মোবাইলফোনে যোগাযোগ করতে বলেছি।’ এছাড়াও ওই পরিবারটিকে পর্যবেক্ষণে রাখার কথা জানান।









