কিশোরগঞ্জের ভৈরবকে ৬৫তম জেলা ঘোষণার দাবিতে রেলপথ অবরোধ ও ট্রেনে পাথর নিক্ষেপ করেছেন বিক্ষোভকারীরা। রোববার (২৭ অক্টোবর) সকাল ১০টায় ভৈরব রেল স্টেশনে রেলপথ অবরোধ করেন তারা।

অবরোধকারীরা সাড়ে ১০টার দিকে নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি ভৈরব রেল স্টেশনে আটকে দেন। সাড়ে ১১টার দিকে অবরোধকারীদের রেলওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন রেলপথ অবরোধ প্রত্যাহার করতে বললে উপকূল এক্সপ্রেস ট্রেনটিতে পাথর নিক্ষেপ করেন তারা। পরে অবরোধকারীরা দুপুর পৌনে ১২টার অবরোধ প্রত্যাহার করলে উপকূল এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

অবরোধ চলাকালে কয়েকজন যাত্রী আহত হন এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট ট্রেনটি আটকে থাকে। উত্তেজিত জনতার ভয়ে যাত্রীরা কথা বলতে রাজি হননি। পরে সকাল ১১টা ৪০ মিনিটে ভৈরব স্টেশন ছেড়ে যায় উপকূল এক্সপ্রেস। বর্তমানে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এ আন্দোলনে ভৈরবের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। আন্দোলনের দাবির প্রতি সমর্থন জানালেও ট্রেন আটকানো ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় নিন্দা জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

ভৈরব রেলওয়ে থানার ওসি সাঈদ আহমেদ বলেন, অবরোধকারীরা ট্রেন থামিয়ে কর্মসূচি পালন করছিল। পরে কিছু অপ্রীতিকর ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় ট্রেনের যাত্রী কতজন আহত হয়েছেন, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।